আজ থেকে নতুন সময়ে চলবে অফিস-ব্যাংক, প্রজ্ঞাপন জারি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ রবিবার (৫ এপ্রিল) থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যা প্রকাশ করা হয় শনিবার (৪ এপ্রিল)। এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির বাইরে থাকবে।

এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সূচি অনুসরণ করা হবে। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, তবে ব্যাংকিং লেনদেন নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

Leave a Comment

Scroll to Top