বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘কিশোরগঞ্জ থেকে আমরা কিছু আওয়াজ শুনতে পেয়েছি, এই এলাকায় (কিশোরগঞ্জ-৪) দাঁড়িপাল্লা বিজয়ী হলে ওনি (বিএনপির প্রার্থী ফজলুর রহমান) নাকি বিষপান করবেন। তবে কতটুকু বিষপান করবেন এটা প্রমাণ করার জন্য এইবার দাঁড়িপাল্লা ভোট দেয়া দরকার।’ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ইটনা মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সে (ফজলুর রহমান) যে রাজনৈতিকভাবে একটা দেউলিয়া ব্যক্তি, এটা জাতি জানতে আর বাকি নেই। ইসলামের বিপক্ষে তার (ফজলুর রহমানের) স্পষ্ট অবস্থান। মাদরাসার হুজুরদের সে দেখতে পারে না। মাদরাসার হুজুরদের দেখলে তার গাত্রদাহ শুরু হয়। তার নাস্তিক বয়ানের কারণে পুরো বাংলাদেশের তাওহীদ জনতা জেগে উঠেছে। সে যে বেইমানি কথা বলছে এটা বুঝতে হলে দেখবেন কখনো ছাত্রলীগ, কখনো জাতীয় পার্টি, কখনো স্বতন্ত্র ও কখনো বিএনপির নিজস্ব কোনও জায়গাও নেই, আর কোনও আদর্শও নেই। আদর্শহীন লাঞ্ছিত একটা ব্যক্তি।
নির্বাচনি এই জনসভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক মো. আজিজুল হক কাজল। এ ছাড়াও ১১ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
