সকালে জরিমানা, বিকেলে সেই দোকানের দই উপজেলা প্রশাসনের ইফতারে

ফরিদপুরের মধুখালীতে সকালে এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে বিকেলে ইফতার মাহফিলের দই কেনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

উপজেলার বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় গতকাল সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। অভিযানকালে কারখানায় তেলে ময়লা, মিষ্টির শিরা পুরোনোসহ অপরিষ্কার থাকায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়। বিকেলেই উপজেলা প্রশাসন আয়োজিত ইফতারে ওই বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার থেকে দই নেওয়া হয়। ইফতার মাহফিলে নানা খাবারের সঙ্গে ওই দোকানের দই পরিবেশন করা হয়।

এ বিষয়ে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান বলেন, বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কারখানায় রাখা তেলে ময়লা পাওয়া যায়। এ ছাড়া চিনি দিয়ে তৈরি শিরাও কয়েকদিন আগের এবং অপরিষ্কার পরিবেশ থাকায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

সকালে জরিমানা করে বিকেলে ওই দোকানের দই ইফতার মাহফিলে দেওয়ার বিষয়ে সহকারী কমিশনার বলেন, ‘আমার দায়িত্ব মোবাইল কোর্ট পরিচালনা করা। অনিয়ম পেয়েছি, এ কারণে জরিমানা করা হয়েছে। ইফতারের বিষয়টি উপজেলা প্রশাসনের।’

বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী সুকুমার ঘোষ জানান, কারখানায় নতুন ব্যারেলে তেল ছিল, যা খোলা হয়নি। ভ্রাম্যমাণ আদালত কারখানায় গিয়ে নতুন তেলের ব্যারেলের মুখ খোলে নিজেরাই, ওই সময় তারা বলেন তেলে ময়লা পাওয়া গেছে। এ ছাড়া চিনির তৈরি শিরা অনেকদিনের এমন অভিযোগ আনা হয়। যদিও আমি ওই সময় কারখানায় ছিলাম না। অন্যদের কাছ থেকে শুনেছি।

সুকুমার ঘোষ আরও বলেন ‘বিকেলে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল ছিল, সেখানে আমাদের দোকান থেকেই দই নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অফিস থেকে সহকারীরা এসে ১৩৫টি কাপ দই নিয়ে যায়। দইয়ের দামও দিয়ে গেছে।’

এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, একটা দোকানের সব কিছুই তো আর খারাপ না, যেগুলো খারাপ সেগুলোর কারণে জরিমানা করা হয়েছে। সবকিছু খারাপ হলে দোকান তো সিলগালা করে দেওয়া হতো, তাতো করা হয়নি। শুধু জরিমানা করা হয়েছে অনিয়মের কারণে।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, ‘সকালে জরিমানা করে বিকেলে ওই দোকান থেকেই দই নেওয়া হয়েছে ইফতার মাহফিলের জন্য বিষয়টি কনফ্লিক্টিং। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

Leave a Comment

Scroll to Top