সারাদেশে নৈতিক শিক্ষাকে শক্তিশালী করতে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সমাজে নৈতিক শিক্ষার অবক্ষয় ঠেকাতে শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই সারাদেশে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। তিনি জানান, এখানে শুধু ইসলাম ধর্ম নয়, দেশের সব ধর্মের শিক্ষকদেরই অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের আওতায় আনতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, দেশে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এগুলোর শিক্ষার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন আহ্বান করবে। পাশাপাশি আগে জমা দেওয়া আবেদনগুলোও পুনরায় যাচাই-বাছাই করা হবে।
এদিকে রোববার বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে এবং রোববার থেকেই সেই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল, যা পরে রোববার পর্যন্ত মুলতবি করা হয়। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন বসবে।
