জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেন, এই সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না।

বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আনন্দের বার্তা নিয়ে এসেছে।

এমন এক সময়ে দেশ ঈদ উদযাপন করছে, যখন জাতীয় নির্বাচন শেষে নতুন সরকার গঠিত হয়েছে এবং দীর্ঘদিনের অগণতান্ত্রিক শাসনের অবসান ঘটেছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা দেশে আর কেউ ফ্যাসিবাদী আচরণ করবে না। মানুষ যেন ভয়ভীতিহীন ভাবে চলাফেরা ও মতপ্রকাশ করতে পারে। পাশাপাশি ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত একটি সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ প্রসঙ্গে তিনি বলেন, এই সনদে রাজনৈতিক দলগুলোর সম্মতি রয়েছে এবং গণভোটে প্রায় ৭০ শতাংশ নাগরিক এর পক্ষে মত দিয়েছেন। কিন্তু বাস্তবায়নে সরকারের অনীহা উদ্বেগজনক। তিনি সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন।

ঈদের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই উৎসব ধনী-গরিবের ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করে। সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

বিবৃতির শেষে দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান এই বিরোধীদলীয় নেতা।

Leave a Comment

Scroll to Top