ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই হাজার লিটার ডিজেল জব্দের কথা জানিয়েছে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাত এবং রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারজানা ইয়াসমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আব্দুর রহিমের নেতৃত্বে পৃথক অভিযানে এসব ডিজেল জব্দ করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের আদেশে মো. আলামিন নামে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
প্রশাসন জানায়, প্রথম দফায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বেশ কয়েকটি টিনের ঝুপড়ি ঘরে অভিযান চালিয়ে ৮৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। মহাসড়কের পাশে ঝুপড়ি ঘর তৈরি করে সেখানে অবৈধভাবে ডিজেল মজুত ও ডিজেল বিক্রির খবরে এই অভিযান পরিচালিত হয়। এসময় ঝুপড়ি ঘর ও সেগুলোর আশপাশের ঝোপঝাড় থেকে এসব ডিজেল জব্দ করা হয়।
এই সময় কুন্দারপাড়া এলাকার মো. আল-আমিন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে মজুত করা ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
পরে রোববার বিকেল ৩টায় কুন্দারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন হাইওয়ের পাশে অভিযানে নামে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই এলাকার দুটি গুদামঘর থেকে অবৈধভাবে মজুত করা আরও ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারজানা ইয়াসমিন জানান, জব্দ হওয়া ডিজেল স্থানীয় ‘নিলময় ফিলিং স্টেশনে’ বিক্রির জন্য দেওয়া হয়েছে এবং বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বলা হয়। জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
