ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগল প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’-তে ভোট দিতে হবে। এতে জনগণের সরকার গঠিত হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিস্ট সরকারের উত্থান ঘটবে।বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দীর্ঘ ৫৫ বছর ধরে বরিশাল-৩ আসনটি অবহেলিত। সব সম্ভাবনা থাকা সত্ত্বেও সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে বাবুগঞ্জসহ এই জনপদের মানুষ বৈষম্যের শিকার হয়েছে।
তিনি আরো বলেন, ‘পুরনো ধারার রাজনীতি চলতে দেওয়া যায় না।’ ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এবি পার্টির প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্যসচিব জিএম রাব্বি, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
