কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন পরিচালনায় তার চাঁদাবাজির প্রয়োজন হয়নি; মানুষ বিশ্বাস করেই স্বেচ্ছায় অর্থ দিচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দেবিদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড় আলমপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মানুষ বলে—বাবারে, টাকা লাগলে টাকা দিমু। নির্বাচন করতে তো টাকা লাগে, কিন্তু তুমি দুর্নীতি করবা না। টাকা যত লাগে দিমু। আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারতেছি। সুতরাং আপনাদের সেবা দেওয়ার সময় কি আমার পয়সা নেওয়ার দরকার আছে?’
তিনি আরও বলেন, ‘আজকের দিনেও মানুষ আমার নির্বাচনী তহবিলে ৯ লাখ টাকা দিয়েছে। প্রতিদিনই এভাবে মানুষ সহযোগিতা করছে।’
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই নেতা বলেন, ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজ করলে মানুষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। সন্তানের দায়িত্ব এবার আপনাদের হাতেই।’
উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহিদসহ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
