সরকার নির্ধারিত মূল্যে হিলিতে মিলছে না এলপিজি

সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করলেও দিনাজপুরের হিলিতে সেই দামে গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন সিএনজিচালকরা। গ্যাসের দাম বাড়লেও যাত্রীভাড়া না বাড়ায় লোকসানের মুখে পড়েছেন তাঁরা। তবে অতিরিক্ত দাম নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

গত ২ এপ্রিল সরকার প্রতি সিলিন্ডারে ৩৮৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করে। সেদিন সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হয়। কিন্তু হিলির বেশির ভাগ দোকানেই এখনো সেই দামে এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে না। কোম্পানিভেদে প্রতি সিলিন্ডার ১ হাজার ৯০০ থেকে ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আগে প্রতি সিলিন্ডারের দাম ছিল প্রায় ১ হাজার ৫০০ টাকা, যা এক লাফে প্রায় ৪০০ টাকা বেড়েছে।
এদিকে গ্যাসসংকটের কারণে হিলি-বিরামপুর রুটে সিএনজির সংখ্যা কমে গেছে। আগে এ রুটে প্রায় ২৫টি সিএনজি চলাচল করলেও বর্তমানে তা ১০ থেকে ১৫টিতে নেমে এসেছে।

সিএনজিচালক আলতাফ হোসেন বলেন, এমনিতে তো যাত্রী নেই, তার ওপর গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আমাদের তো আয়-রোজগার কমে গিয়েছে।

একটা গ্যাসের দাম ছিল ১৫০০ টাকা, এখন হয়েছে ১৯০০ টাকা। প্রতি সিলিন্ডারে ৪০০ টাকা বেড়ে গেছে। এতে আমাদের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
আরেক চালক খলিলুর রহমান বলেন, এখন গ্যাসের দাম বেশি। এ জন্য গাড়ি চালিয়ে আমাদের পোষায় না।

আগে ছিল ৬২ টাকা গ্যাসের লিটার, এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা। আর এলপিজি সিলিন্ডার ১২ কেজির দাম ছিল ১৫০০ টাকা, বর্তমানে আমরা কিনেছি ১৯০০ টাকা। এ জন্য গাড়ি চালিয়ে আমাদের পোষাচ্ছে না।

Leave a Comment

Scroll to Top