হিজবুল্লাহর সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না বলে জানিয়ে ইসরায়েল। যদিও আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে দেশটি। একই সময় লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিতব্য বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত করতে আলোচনায় বসেন। ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার জানান, এই বৈঠক লেবাননের সঙ্গে ‘আনুষ্ঠানিক শান্তি আলোচনা’ শুরুর ইঙ্গিত দেবে, যদিও দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
ইয়েখিয়েল লেইটার বলেন, ইসরায়েল লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। তবে তিনি স্পষ্ট করে দেন যে হিজবুল্লাহকে নিয়ে কোনো আলোচনা হবে না। তার মতে, ইসরায়েল হিজবুল্লাহ নামক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ, তারা এখনো ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে এবং দুই দেশের শান্তির পথে প্রধান বাধা।
আরও পড়ুন
ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
এদিকে, লেবাননে ইসরায়েলি হামলা তীব্র আকার ধারণ করেছে। ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার নাবাতিয়েহ জেলার মাইফাদুনে একটি আবাসিক ভবনে বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন।
মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও বৈরুত ইসরায়েলকে আলোচনার আগে হামলা সাময়িকভাবে বন্ধ করতে অনুরোধ করেছে। রয়টার্স, অ্যাক্সিওসকে উদ্ধৃত করে জানায়, লেবানন সরকার এবং ট্রাম্প প্রশাসন উভয়েই সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বোমাবর্ষণ কমাতে বলেছেন, কারণ চলমান হামলা যুক্তরাষ্ট্র-ইরান মধ্যে নাজুক যুদ্ধবিরতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
