মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

এবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শাকিল মিয়া নামে এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত শাকিল মিয়া স্থানীয় গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে। রোববার (১৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাজীপুর হাই স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফাহান মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন জানান, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। প্রসঙ্গত, মুরগিবাহী গাড়ি থেকে ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণ–আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেড–এর মুরগিবাহী একটি গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয় শাকিল মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়ির গতিরোধ করে জোরপূর্বক প্রায় ১৬০টি মুরগি ছিনিয়ে নেয়। এ সময় গাড়ির চালক ও তার সহযোগীর কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মুঠোফোনও ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

খবর পেয়ে প্রতিষ্ঠানের সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তার মোটরসাইকেলের চাবিও নিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেয়া হয়। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শাকিল মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Leave a Comment

Scroll to Top