ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

ইতালির লেচ্চে শহরে দুই প্রবাসী বাংলাদেশি ভাইয়ের পারিবারিক বিরোধ ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। সেখানে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন এবং হত্যাকাণ্ডের ঘটনার পর বড় ভাই ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে পরিবারের সদস্যদের কাছে ছোট ভাইয়ের মরদেহ দেখান এবং খুনের কথা স্বীকার করেন। এই ঘটনায় দেশে ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
নিহত ছোট ভাইয়ের নাম নয়ন ফকির এবং অভিযুক্ত বড় ভাইয়ের নাম হুমায়ুন ফকির। তারা উভয়েই মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা। এ ঘটনায় ইতালির পুলিশ অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় সময় গত বুধবার রাত আনুমানিক ৮টার দিকে লেচ্চে শহরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র রূপ নিলে বড় ভাই হুমায়ুন ফকির উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে একাধিকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
লটারিতে ১৭ লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি
ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নিহত ছোট ভাইয়ের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই হত্যার কথা স্বীকার করেন বলে স্বজনরা জানিয়েছেন। এ দৃশ্য দেখে পরিবার-পরিজন শোকাহত হয়ে পড়েন।

খবর পেয়ে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে।

এদিকে নিহত নয়ন ফকিরের পরিবার দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। এই ঘটনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

আরও পড়ুন
ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির
একইসঙ্গে এই ঘটনা প্রবাসী পরিবারগুলোর মধ্যে মানসিক চাপ, পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক বিচ্ছিন্নতার বিষয়গুলোকে নতুন করে সামনে নিয়ে এসেছে এবং কমিউনিটির মধ্যেও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Scroll to Top