বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গ্রাফিক্স: ইত্তেফাক
আগামী তিন মাসের জ্বালানি তেলের চাহিদা মেটাতে প্রয়োজনীয় আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এপ্রিল মাসের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি, প্রায় তিন মাসের পেট্রোল ও অকটেনও সংরক্ষণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি তেল আমদানির জন্য নতুন ও সম্ভাবনাময় কিছু উৎস খুঁজে পাওয়া গেছে, যা দিয়ে আগামী তিন মাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা নিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। এ নিয়ে মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। সরকার আশা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ বিষয়ে সহযোগিতা করবে।
এদিকে, দেশের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় চার লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে তিন মাসের জ্বালানি মজুত নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। একই নির্দেশনার অংশ হিসেবে শপিং মল বন্ধের সময় সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টা নির্ধারণ করা হয়েছে, যা দোকান মালিক সমিতির আবেদনের ভিত্তিতে করা হয়েছে।
এছাড়া কৃষকদের জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো কৃষক তেল পেতে সমস্যায় পড়লে তা দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
