কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গড়ে উঠেছে। এগুলোকে আইনের আওতায় আনা হবে। বেআইনিভাবে কোনো কোচিং সেন্টার চলবে না। আপনাদের চিহ্নিত করতে হবে কোন শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল রয়েছে, সেভাবে শিক্ষকদের ব্যবস্থা নিতে হবে। ধীরে ধীরে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের পরীক্ষা কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের শিক্ষা ব্যবস্থা নকলমুক্ত হয়। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই।

তিনি বলেন, আগামীতে নকলমুক্ত স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে সব শিক্ষককে এখনই প্রস্তুত হতে হবে। লেখাপড়ায় দুর্বল শিক্ষার্থীদের দিকে ভালোভাবে নজর দিতে হবে।

এহসানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী আমাকে শিক্ষায় দায়িত্ব দিয়েছেন। আমরা অনেক কাজ করেছি কিন্তু স্বপ্ন একটি- তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়া। শিক্ষা মন্ত্রণালয় অন্য ১০টা মন্ত্রণালয়ের মতো না। এখানে যারা কাজ করছেন তারা সবাই সদকায়ে জারিয়া পাবেন।

১৯৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা উল্লেখ করে তিনি আরও বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। পরে আমরা সরে গেলাম আবার সেই একই অবস্থা। তার মানে যেভাবে সরকার চায়, আপনারা সেভাবে কাজ করবেন। এবার আমরা এসেছি, আর কোনো নকল চাই না। আপনাদেরকে অবশ্যই নকল বন্ধ করতে হবে। নকলের বিষয়ে জিরো টলারেন্স।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম।

এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Scroll to Top