সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে জড়িয়ে একটি নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি সুরভীর নয়।
ভাইরাল ভিডিওতে একপাশে সুরভীর হেঁটে যাওয়ার একটি ফুটেজ এবং অপরপাশে এক নারীর নাচের দৃশ্য দেখা যায়। ভিডিওটি সুরভীর বলে দাবি করে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে, আলোচিত নাচের ভিডিওটি প্রকৃতপক্ষে ডায়ানা নামের এক বিদেশি নৃত্যশিল্পীর। সুরভীর সঙ্গে ভিডিওটির কোনো সম্পর্ক নেই।
অনুসন্ধানে দেখা যায়, diana_infinity8 ইউজারনেমের একটি টিকটক অ্যাকাউন্টে ২০২৫ সালের ১৫ মে একই ভিডিওর বর্ধিত সংস্করণ প্রকাশ করা হয়েছিল। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে থাকা নৃত্যশিল্পীর মুখমণ্ডল স্পষ্টভাবে বোঝা যায় এবং তার চেহারার সঙ্গে তাহরিমা জান্নাত সুরভীর কোনো মিল নেই।
এছাড়া সংশ্লিষ্ট টিকটক অ্যাকাউন্ট পর্যালোচনা করে জানা যায়, ভিডিওতে থাকা নারীর নাম ডায়ানা এবং তিনি পেশাদার নৃত্যশিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তিনি। অ্যাকাউন্টটিতে নাচের বুকিং সংক্রান্ত যোগাযোগ নম্বরও দেওয়া রয়েছে।
এসব তথ্য উপাত্তের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে, ভাইরাল হওয়া নাচের ভিডিওটি ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর নয়।
বিদেশি এক নৃত্যশিল্পীর ভিডিওকে তাহরিমা জান্নাত সুরভীর নাচের ভিডিও দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
