বরগুনায় মোসা: ইরানি (৪০) নামের এক নারীর গালাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় শহরের উপকন্ঠে মনসাতলী এলাকার একটি খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইরানি সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের মো. আবজাল হাওলাদারের স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী আবজাল। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের ভাই এনায়েত হোসেন জানান, গতকাল রাতে মনসাতলী এলাকায় একটি দোকানে বোন ইরানি ও তার জামাই আবজালকে একত্রে চা খেতে দেখেছেন স্থানীয়রা। এরপর সন্ধ্যায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। এনায়েত আরও জানান, ঘটনাস্থল থেকে ভগ্নিপতি আবজালের টুপি ও জুতাও উদ্ধার করেছে পুলিশ। তাদের দাবি, আবজাল নিজেই পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করেছে। এ ব্যাপারে তারা আইনের আশ্রয় নেবেন।
আরও পড়ুন
কুড়িগ্রামে পুকুর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলীম জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর ক্রাইম সিনের সদস্যদের মাধ্যমে ঘটনাস্থলের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ স্বামী কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা পেলে দ্রুত আসামি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
