বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে তখনই এদেশের লবণ শ্রমিকেরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় মগনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এখন লবণের ন্যায্যমূল্য নেই দাবি করে তিনি বলেন, ঢাকাতে মানুষ এক কেজি লবণ ৪০ টাকা করে কিনে খায় অথচ আমার এখানকার লবণচাষীরা ১০ টাকাও কেজিপ্রতি পায় না, এটা চরম বৈষম্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের দরিদ্র লবণচাষীদের লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য অনেক সংগ্রাম করেছি এবং তা বাস্তবায়নও করেছি। এখন অন্তর্বর্তী সরকার আছে যাদের অভিজ্ঞতা না থাকার ফলে লবণ আমদানির কথা বলেছিল। ফলে লবণের দাম কমে গেছে। আমাদের অনুরোধে তারা আমদানি বন্ধ করেছে। এখন লবণের দাম বাড়বে। সামনে বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে বলে।

তিনি আরও বলেন, বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। আমরা এদেশকে কোথায় নিয়ে যাবো তার একটি রূপরেখা জনগণের কাছে বলেছি। দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড দেব। আমরা দারিদ্র বিমোচন করবো অর্থনৈতিক স্বচ্ছলতা আনবো এদেশে। অথচ আমাদের প্রতিদ্বন্দ্বী যারা ভোট করছে তাদের দেশের মানুষের জন্য কোনও পরিকল্পনা নেই।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা পরিষদের সাবকে চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুটসহ আরও অনেকে।

Leave a Comment

Scroll to Top