ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী সোমবার মার্কিন সেনাবাহিনীর আল ধাফরা বিমানঘাঁটির প্রধান গোলাবারুদ সংরক্ষণাগার বা ডিপোটি উড়িয়ে দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা- তাসনিম নিউজ এজেন্সি।
সোমবারপ্রতিশোধমূলক ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর চলমান ঘটনাবলি নিয়ে ৪১তম বিবৃতিতে এই তথ্য জানায় আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, সকালে আইআরজিসি নৌবাহিনী একটি নিখুঁত ও ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করেছে, যা সরাসরি মার্কিন সন্ত্রাসী বাহিনীর আল ধাফরা বিমানঘাঁটির কেন্দ্রীয় গোলাবারুদ ডিপোতে আঘাত হানে।
আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী, হামলার পর ওই মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা কেঁপে ওঠে। পরিস্থিতির ভয়াবহতা দেখে সেখানে জরুরি উচ্ছেদের নির্দেশ জারি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আইআরজিসি আরও দাবি করেছে, আমেরিকান বাহিনী তাদের যুদ্ধবিমানগুলোকে আল ধাফরা ঘাঁটি থেকে সরিয়ে নিতে এবং অভ্যন্তরীণ অন্য নিরাপদ ঘাঁটিতে স্থানান্তর করতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি জান্তা ইরানের বিরুদ্ধে উস্কানিহীন এবং বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।
ইরানজুড়ে সামরিক ও বেসামরিক উভয় লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে প্রচুর প্রাণহানি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই প্রতিক্রিয়ায় ইরানি সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অধিকৃত অঞ্চল (ইসরাইল) এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে এই পাল্টা অপারেশন পরিচালনা করছে।
