বৈশাখের মাঝামাঝি সময়ে টানা বৃষ্টিতে কমেছে তাপমাত্রার দাপট। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায় শুক্রবার (১ মে) সকালের মধ্যেই দেশের ১৫ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ ও ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর ও খুলনার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও উল্লেখিত সময়ে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
