সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বার্মা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ লরি ও সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ এবং ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের জন্য আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজউদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জসিম (৩৮) এবং মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানকালে ট্যাংক লরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। এসব লরিতে মোট আনুমানিক ১৩,৫০০ (তের হাজার পাঁচশত) লিটার ডিজেল মজুদ ছিল। এছাড়াও, জ্বালানি সরবরাহে ব্যবহৃত দুটি ফিলিং স্টেশন মিটার জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্যাংক লরি দুটি পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে নেয়া হয়েছে।

Leave a Comment

Scroll to Top