হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

হজযাত্রায় যেকোনো নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে হজযাত্রীদের হজ এজেন্সি কিংবা অন্য কারো প্ররোচনায় নিষিদ্ধ পণ্য বহন না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আবেদন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার ও পচনশীল দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এই নিষেধাজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেন, বিগত বছরগুলোতে বারবার সতর্ক করা সত্ত্বেও সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে অনেক সময় নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করে। তিনি হজযাত্রীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি সতর্কবার্তা দিয়ে বলেন, সৌদি আরবে কোনো হজযাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে দেশটির প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালন অনিশ্চিত হয়ে পড়তে পারে, এমনকি তিনি হজ করার সুযোগও হারাতে পারেন।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে।

Leave a Comment

Scroll to Top