আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘোষিত তালিকায় জায়গা হয়নি জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপার। যদিও মনোনয়নের দৌড়ে তার নাম ছিল আলোচনায় ।

মনোনয়ন না পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন কনক চাঁপা। সেখানে তিনি লিখেন, “জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।”

তিনি আরও লেখেন, “গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবুও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেলো না।”

স্ট্যাটাসে তিনি নিজের অবস্থান তুলে ধরে বলেন, “আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেয়ার অনেক কিছু বাকি আছে।”

দেশের মানুষের কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন, “ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই।”

Leave a Comment

Scroll to Top