চানাচুরের প্যাকেটে করে গাঁজা ও হেরোইন; এভাবেই অভিনব কৌশলে মাদক বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশ অভিযান চালিয়েছে। এসময় অভিযানে প্রায় ৫০ লাখ টাকার মাদক ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে পুলিশ যৌথ অভিযান চালায়। সেখানে মনো নামের এক ব্যক্তির বিরুদ্ধে টেইলার্স ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালানোর অভিযোগ পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা যায়, হেরোইন ও গাঁজা বিক্রির জন্য তিনি চানাচুরের প্যাকেট ব্যবহার করতেন, যাতে সহজে ধরা না পড়ে। ওই দোকান ও বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বলেন, টেইলার্স ব্যবসার আড়ালে মনো দীর্ঘদিন ধরে হেরোইন, গাঁজা ও ইয়াবা বিক্রি করতো। চানাচুরের প্যাকেটের ভেতরে করে লাখ লাখ টাকার মাদক রাখা হতো। বিশেষ করে হেরোইন বহন করতে মনো ব্যবহার করত চানাচুরের প্যাকেট।
একইদিন ক্যাম্পের চিহ্নিত সন্ত্রাসী বুনিয়া সোহেলের শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মো. জুয়েল রানা বলেন, এলাকাটিতে ছোট-বড় মিলিয়ে বহু মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইচক্র সক্রিয় রয়েছে। চিহ্নিত সন্ত্রাসী বুনিয়া সোহেলের শাশুড়ির বাসা থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল পাওয়া গেছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বিভিন্ন অপরাধ ও মাদক ব্যবসায় জড়িত ছয়জনকে আটক করে পুলিশ।
