নাটোরের বড়াইগ্রামে একটি ভাড়া বাসার শৌচাগার থেকে অবৈধভাবে মজুত রাখা ১০৮ লিটার ডিজেল জব্দ করেছে র্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ দল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার ধানাইদহ এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে ওই বাড়ির ভাড়াটিয়া সজিব হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্ব দেন বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানাইদহ সমবায় ফিলিং স্টেশনের পেছনে একটি বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটিতে মনমোহন টোব্যাকোর ম্যানেজার সজিব হোসেন ভাড়া থাকেন। অভিযানের এক পর্যায়ে বাসার টয়লেটে কনটেইনারে লুকিয়ে রাখা ১০৮ লিটার ডিজেল পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার অপরাধে সজিব হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা ডিজেল তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের কাছে বাজার মূল্যে বিক্রি করা হয়। ডিজেল বিক্রির সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
