রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদলের সঙ্গে সংঘাতের পর হাসপাতালের বিছানায় শুয়ে সেই অভিজ্ঞতা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের)। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে ওই ঘটনা নিয়ে লিখেছেন তিনি।
ডাকসু নেতা জুবায়ের লিখেছেন, ‘বেঁচে আছি এখনো। একটা ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে আমাদের এক শিক্ষার্থীর ওপরে চড়াও হয় ছাত্রদল। তাকে সহযোগিতা করতে যাওয়া আরো কয়েকজন শিক্ষার্থীকে সেখানে আটকে রাখা হয়৷ সূর্যসেন হল সংসদের সদস্য ছোটভাই আলভিকে মারধর করে সন্ত্রাসীরা।’
তিনি লিখেছেন, ‘আমরা ডাকসুর প্রতিনিধি। শিক্ষার্থীদের বিপদে-আপদে আমাদের একটা রেসপনসেবলিটি আছে৷ মুসাদ্দিক, জুমা, উম্মে সালমা সহ ডাকসুর কয়েকজন প্রতিনিধি সেখানে যাই প্রশাসনের সাথে কথা বলে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আসতে৷’
জুবায়ের লিখেছেন, ‘থানায় ঢুকার মুখে গেইট থেকেই আমাদের মারধর শুরু করে ছাত্রদলের সন্ত্রাসীরা। দুই শতাধিক স’ন্ত্রাসী ঘিরে ধরে বৃষ্টির মতো ঘুসি, কিল, লাত্থি…’
তিনি লিখেছেন, ‘বাকিটা দেখলেনই! লাস্ট আপডেট বেঁচে আছি এখনো, নাও থাকতে পারতাম হয়তো। আল্লাহর ইচ্ছা। গা-ভর্তি ব্যথা নিয়ে শুয়ে আছি হাসপাতালের বেডে।’
জুবায়ের লিখেছেন, ‘যাইহোক, এসব করে আমাদের দমিয়ে রাখা যাবে না৷ সন্ত্রাস, সহিংসতা, গণরুম, গেস্টরুমের কালচার যারাই ফিরিয়ে আনতে চাইবে তাদের সামনেই ঢাল হয়ে দাঁড়িয়ে যাবো।’
প্রশ্ন রেখে ডাকসু নেতা লিখেছেন, ‘কি আর করবেন? মেরেই ফেলবেন নাহয়!! মারেন অসুবিধা নাই। বাট মেরে ফেলার আগ পর্যন্ত এ-লড়াই চলবেই ইনশাআল্লাহ।’
